রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি বিধায়করা, শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ
বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ফালাকাটার বিধায়ক ও বিজেপি রাজ্য সহ-সভাপতি দীপক বর্মন, ডাবগ্রাম–ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, মাটিগাড়া–নক্সালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনসহ অন্য নেতৃত্বরা। সাংবাদিক বৈঠকে ফালাকাটার বিধায়ক দীপক বর্মন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্য, রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, বঞ্চনা ও উন্নয়নহীনতার দায় সম্পূর্ণভাবেই বর্তমান সরকারের। এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও তুলে ধরেন উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ। তিনি অভিযোগ করেন, “উত্তরবঙ্গের উন্নয়নের স্বপ্ন ভেস্তে গেছে সরকারের ব্যর্থতায়। শুধু বর্তমান সরকার নয়, পূর্বতন সরকারগুলির অবহেলাও এই পরিস্থিতির জন্য দায়ী। উন্নয়নের যে সেতু উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারত, সেটি আজও অধরা।” বিজেপি বিধায়কদের দাবি, উত্তরবঙ্গের নাগরিক অধিকার রক্ষায় দল লড়াই চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও সেই লড়াই আরও জোরদার হবে।

