সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ এসে পৌঁছালো পশ্চিমবঙ্গে।
পুজো এখনও দিন দশেক দেরি, তবে পুজোর আগে সুখবর। কলকাতার বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ।
গতকাল রাতেই বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে ঢোকে। আজ সকাল থেকেই কলকাতা এবং হাওড়ার বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন।
দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। আজ প্রথম ইলিশের গাড়িগুলিতে ২৪০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়ার মাছ বাজারে আসে। মাছের রাজা বাজারে চলে আসায় স্বাভাবিকভাবেই খুশি মাছ ব্যবসায়ীরা। পদ্মাপার থেকে ৮০০ গ্রাম থেকে এক কিলো ওজনের ইলিশ মাছ কলকাতার বাজারে রপ্তানি করা হয়েছে।
জানা যাচ্ছে, হাওড়ার পাইকারি মাছ বাজারে বাংলাদেশের পদ্মার ইলিশ হাজার ১৮০০ থেকে ২০০০ টাকা কিলোগ্রাম বিক্রি হচ্ছে। ফলে এই মাছ কলকাতা সহ শহরতলীর বিভিন্ন খুচরো মাছ বাজারে আনুমানিক ২২০০ থেকে ২৫০০ টাকা কিলোগ্রাম বিক্রি হবে। ফলে ভজন রসিক বাঙালির পাতে চড়া দামেই এই ইলিশ পড়বে এমনটাই মনে করা হচ্ছে।

